দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ব্যবহৃত এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় কলোনির হাজারো মানুষ এখন প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত রেললাইনের ওপর লোহার পাত বসিয়ে সড়কটি বন্ধ করে দেয়। এই পথে কলোনির বাসিন্দা ছাড়াও সরকারি শিশু পরিবারের শিক্ষার্থী এবং বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০০১ সালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা বিএনপি কলোনি প্রতিষ্ঠার পর থেকেই এই সংযোগ সড়ক ব্যবহার করে আসছেন তারা। হঠাৎ সড়ক বন্ধ করে দেওয়ায় এখন মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে বড় ধরনের সমস্যায় পড়েছেন তারা।
রমজান আলী ও সাইদ মিয়া নামের দুই বাসিন্দা বলেন, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও কোনো কর্ণপাত করা হয়নি।
আরেক বাসিন্দা শফিয়ার রহমান বলেন, পুরো রাস্তা না হলেও অন্তত রিকশা চলার মতো একটি পথ রাখার আবেদন করেছিলাম, কিন্তু তা শোনা হয়নি।
রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সড়কটি বন্ধ করা হয়েছে। এটি একসময় পরিত্যক্ত ছিল বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের জনচলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি সড়কটি পুনরায় চালুর দাবি জানান।
এদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জে আই